বার্তা সংস্থা আবনা : বৌদ্ধদের হামলার মুখে শ্রীলংকার মুসলিম নেতারা আজ (সোমবার) দেশটির রাজধানী কলম্বোয় একটি নতুন মসজিদ বন্ধ করে দিয়েছেন।
তারা বৌদ্ধদের একটি প্যাগোডা বা মন্দিরের কাছাকাছি গ্র্যান্ডপাস এলাকায় নির্মিত এই মসজিদটি অন্যত্র সরিয়ে নিতেও সম্মত হয়েছেন।
নগর উন্নয়ন পরিকল্পনার আওতায় সরকার এই মসজিদটি ভেঙ্গে ফেলার পরিকল্পনা নিয়েছিল।
শ্রীলংকার মুসলিম কাউন্সিলের প্রধান এনএম আমিন জানিয়েছেন, মসজিদটি অতীতে যে এলাকায় ছিল সেখানেই পুরনো মসজিদটির সংস্কার বা পুনর্নির্মাণের ও উন্নয়নের কাজে সরকার সহায়তা দেবে বলে ঘোষণা করেছে। এ ছাড়াও শ্রীলংকার সরকার পুরনো মসজিদের স্থান দখলের নির্দেশ বাতিল করবে বলেও ওয়াদা করেছে।
গত শনিবার বৌদ্ধদের নেতৃত্বে একদল জনতা গ্র্যান্ডপাস মসজিদে হামলা চালায়। হামলাকারী বৌদ্ধরা পাথর ছুঁড়লে অন্তত চারজন আহত হয়। দাঙ্গা ঠেকাতে ওই এলাকায় বহু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু গতকালও সেখানে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ায় আজ ভোরে সান্ধ্য-আইন বা কারফিউ তুলে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীলংকার উগ্র বৌদ্ধরা গত মার্চ মাসেও মুসলমানদের কয়েকটি বাণিজ্য-কেন্দ্রে হামলা চালিয়েছিল।
শ্রীলংকার মুসলিম জনসংখ্যা দেশটির মোট দুই কোটি জনসংখ্যার শতকরা দশ ভাগেরও কিছু কম এবং ৭০ শতাংশ হচ্ছে বৌদ্ধ।